✒️ নরসিংদীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, নাগরিক অধিকার ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিস্তারিত নিউজে পড়ুন…
📝 তালাত মাহমুদ | বিশেষ প্রতিনিধি: নরসিংদী
নরসিংদী জেলা প্রেস ক্লাবে মতবিনিময়
“আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ”—স্লোগান সামনে রেখে নরসিংদীতে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় নরসিংদী জেলা প্রেস ক্লাবে আয়োজিত সভায় সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিনিধি, বাউলশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ। এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আয়শা খাতুন ও শাহ সুফি পীরজাদা মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতার আহ্বান
বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, বাংলাদেশ কোনো একক ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর নয়; এ দেশ সবার। প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য।
তিনি ধর্মীয় অসহিষ্ণুতা, উগ্রতা এবং মাজার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
বিভেদ ও বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যের বার্তা
সভায় অন্য বক্তারা বলেন, অন্যায়, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম, বর্ণ ও দলমতের ঊর্ধ্বে উঠে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংবিধানস্বীকৃত নাগরিক অধিকার ও স্বাধীন মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তাঁরা বিভাজনের পরিবর্তে ঐক্য এবং বিদ্বেষের পরিবর্তে ভালোবাসার চর্চার মাধ্যমে মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ
সভায় উপস্থিত ছিলেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর নরসিংদী জেলা সমন্বয়ক গোলজার হোসাইন, নরসিংদী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অহি ভূষণ চক্রবর্তী, নজরুল একাডেমী নরসিংদীর অধ্যক্ষ মো. মতিউর রহমান চৌধুরী, সর্বধর্ম যোগমণ্ডলীর সাধারণ সম্পাদক জয়দেব বর্মণ, জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. মোকশেদ আলী এবং আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাগরিক অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও মতবিনিময় সভা অব্যাহত রাখা হবে।
সভায় বক্তারা সমাজ থেকে উগ্রতা, বৈষম্য, বিভেদ ও বিদ্বেষ দূর করে মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
◾◾
