Motherland24.com: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে ঢাকা-১৮ আসনের দক্ষিণখান এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট একটি সরকারি মেডিকেল হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার সকালে ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদের সামনের মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় জনসংখ্যা দ্রুত বাড়লেও এখনো কোনো মানসম্মত সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ নেই। ফলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে হচ্ছে।
এই ভোগান্তি লাঘব করতেই দক্ষিণখানের চারটি ওয়ার্ডের জন্য একটি আধুনিক ৫০০ শয্যার সরকারি মেডিকেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, তার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা-১৮ আসনে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার জন্মবার্ষিকীতে ড্যাবের এই উদ্যোগ প্রমাণ করে—বিএনপি সবসময় মানুষের পাশে থাকে।
এসময় তিনি আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিএনপি এই অধিকার নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ড্যাবের চিকিৎসক, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিবেদক: মতিউর মুন্না
মাদারল্যান্ড টুয়েন্টিফোর ডটকম
