হাফ ভাড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
👉বিস্তারিত নিউজে পড়ুন…
📝 মাদারল্যান্ড টুয়েন্টিফোর ডেস্ক:
হাফ ভাড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে বাসগুলো আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে রাখা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, শুক্রবার (২৭ নভেম্বর) মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার পথে বাসের ভাড়া নিয়ে কথা বলার একপর্যায়ে পরিবহনের হেলপার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। বাস থেকে নামার সময় তাঁর মাকেও অপমানজনক কথা বলা হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রতিবাদে বাস আটক
এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের দাবি, গণপরিবহনে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি যাত্রীদের, বিশেষ করে নারী যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
প্রশাসনের হস্তক্ষেপে বাস ছাড়ার সিদ্ধান্ত
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, উভয় পক্ষকে ডেকে মুচলেকা নেওয়ার পর বাসগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ করা হবে না, এমন শর্ত দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভাড়া ও অধিকারসংক্রান্ত বিষয়গুলো নিয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক করা হবে। এ বিষয়ে একটি নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।
◾◾
