MOTHERLAND 24= Website Logo
ঢাকাTuesday , 14 July 2026
  1. Video's
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট

Link Copied!

◾ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে উত্তরা, সায়েন্সল্যাব ও মিরপুরে বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করা হয়েছে।

 

📝 মতিউর মুন্না-বিশেষ প্রতিবেদক:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এই আন্দোলনে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে অনেক পরীক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্যোগের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে। প্রথম দাবিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে।

দ্বিতীয় দাবিতে তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে।

তৃতীয় দাবিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অফিসগামী মানুষ ও গণপরিবহনের যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকে থাকেন।

শুধু উত্তরা ও সায়েন্সল্যাব নয়, রাজধানীর শাহবাগ ও মিরপুর এলাকাতেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। একই সঙ্গে ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য। দুর্যোগের সময় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

শিক্ষার্থীদের দাবি ও বর্তমান পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সবার।◾

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।   MOTHERLAND-24-Website-Logo.png