◾ মিরপুরে শিশু রামিসা হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ
◾ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডা. শফিকুর রহমানের
◾ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল জামায়াত আমিরের আবেগঘন বার্তা
📝 মাদারল্যান্ড টুয়েন্টিফোর ডেস্ক:
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন Shafiqur Rahman। বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে লিখেছেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পোস্টটি শেয়ার করে শিশু নির্যাতন ও নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও তুলছেন সাধারণ মানুষ।
জামায়াত আমির আরও লেখেন, “তুমি চলে গেছ- তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।”
সবশেষে তিনি নিহত শিশু রামিসার আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, “আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।”
জানা গেছে, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসা আক্তারের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজধানীসহ সারাদেশে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুটি বিকৃত যৌন নিপীড়নের শিকার হয়েছিল। পরে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনাটির পেছনের পুরো রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনা এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা সমাজে ভয়াবহ উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে শুধু বিচার নয়, পরিবার ও সমাজভিত্তিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
রামিসার মর্মান্তিক মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে, শিশুদের জন্য কতটা নিরাপদ আমাদের সমাজ। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম পরিণতি দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে গভীরভাবে। এখন সবার একটাই দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের এমন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।◾
